ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরীকে অপসরণ করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: আনিছুর রহমানকে সরকার নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে। বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর আর্টিকেল ১০(৪) অনুযায়ী তাকে তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয়।
সোমবার এ বিষয়ে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মো: আনিছুর রহমান অত্যন্ত দক্ষ ব্যাংকার হিসেবে বাংলাদেশ ব্যাংকে পরিচিতি পেয়েছেন। তিনি ১৯৯৪ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে পরিসংখ্যান বিভাগ, মুদ্রানীতি বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে (কেন্দ্রীয় ঋণতথ্য বিভাগ) অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এ ছাড়া অতিরিক্ত দায়িত্ব হিসেবে এক সময়ে বিনিয়োগ বোর্ডে (হালে বিডা) ৭ বছর দায়িত্ব পালন করেন। তার হাত ধরেই বেসরকারি খাতে বিদেশী বিনিয়োগের পথ প্রসারিত হয় বলে জানা গেছে।
এদিকে, ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরীকে বাদ দেয়া হয়েছে। তিনি অন্তবর্তীকালীন সরকারের আমলে ডেপুটি গভর্নর হিসেবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। সোমবার তার চুক্তির মেয়াদ বাতিল করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তার সহকর্মীরা জানিয়েছেন, জাকির হোসেন চৌধুরী দেশের আর্থিক খাতের অভিশাপ ব্যাংক ডাকাত এস আলমের সম্পর্কে ভাগ্নি জামাই হিসেবে নিজেই পরিচয় দিতেন। আওয়ামী লীগ সরকারের আমলে এস আলমের ব্যাংক লুটের সহযোগী কিছু বিতর্কিত কর্মকর্তাকে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিটসহ (বিএফআইইউ) বেশ কিছু গুরুত্বপূর্ণ বিভাগে পদায়ন করেন বলে অভিযোগ রয়েছে।
পাশাপাশি এস আলমসহ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শীর্ষ দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত করছিলেন এমন কিছু দক্ষ ও কর্মঠ কর্মকর্তাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিভাগে বদলি করে দেন। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বত্রই সমালোচনা হয়েছিল।


