দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে : কৃষিমন্ত্রী

দেশে গম চাষ সম্প্রসারণে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর মধ্যে গম উৎপাদন প্রধান এলাকায় নতুন ও উচ্চ ফলনশীল জাতের সম্প্রসারণ, ধানভিত্তিক ফসল ধারায় গম অন্তর্ভুক্তকরণ এবং উত্তরাঞ্চলের হালকা বুনটের মাটিতে অধিক লাভজনক চার ফসলভিত্তিক চাষাবাদ জনপ্রিয় করার উদ্যোগ রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ |ইন্টারনেট

সারাদেশে বর্তমানে দুই লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য সেলিনা সুলতানার (মহিলা আসন-৩৫) টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

কৃষিমন্ত্রী বলেন, দেশে গম চাষ সম্প্রসারণে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর মধ্যে গম উৎপাদন প্রধান এলাকায় নতুন ও উচ্চ ফলনশীল জাতের সম্প্রসারণ, ধানভিত্তিক ফসল ধারায় গম অন্তর্ভুক্তকরণ এবং উত্তরাঞ্চলের হালকা বুনটের মাটিতে অধিক লাভজনক চার ফসলভিত্তিক চাষাবাদ জনপ্রিয় করার উদ্যোগ রয়েছে।

তিনি জানান, দক্ষিণাঞ্চলের লবণাক্ত এলাকা, সিলেট অঞ্চলের পতিত জমি, চরাঞ্চল, বরেন্দ্র এলাকা, পাহাড়ি সমতল ভূমি ও তামাক চাষের জমিসহ অপ্রচলিত এলাকাগুলোতে গমের আবাদ সম্প্রসারণে পদক্ষেপ নেয়া হয়েছে। একই সাথে হেক্টরপ্রতি ছয় টন বা তার বেশি ফলনশীল গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ, কৃষকদের প্রশিক্ষণ এবং গমের ন্যায্যমূল্য নিশ্চিত করার উদ্যোগও বাস্তবায়ন করা হচ্ছে।

মন্ত্রী জানান, দেশে গম চাষ বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর কৃষকদের প্রণোদনার মাধ্যমে বীজ, সার ও অন্যান্য সহায়তা দেয়া হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ৬৪ জেলার দুই লাখ ৭৯ হাজার ৩০০ কৃষককে প্রতি বিঘা জমির জন্য ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।