চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ছাড়াল ৩ বিলিয়ন ডলার

‘আগস্টের প্রথম দুই দিনে মোট রেমিট্যান্স প্রবাহ ২৭৩ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। গত বছরের আগস্টের একই সময়ে এর পরিমাণ ছিল ৬১ মিলিয়ন মার্কিন ডলার। সেই হিসাবে চলতি মাসের এই দুই দিনে রেমিট্যান্স প্রবাহে রেকর্ড ৩৫১.৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ২৩.৪ শতাংশ বেড়ে ৩.১৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ২৩.৪ শতাংশ বেড়ে ৩.১৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে |সংগৃহীত

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত সময়ে বাংলাদেশে ৩.১৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ে আসা ২.৫৩৮ বিলিয়ন মার্কিন ডলারের তুলনায় ২৩.৪ শতাংশ বেশি।

সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুধু ২ আগস্ট প্রবাসী বাংলাদেশীরা ১৯৩ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, আগস্টের প্রথম দুই দিনে মোট রেমিট্যান্স প্রবাহ ২৭৩ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। গত বছরের আগস্টের একই সময়ে এর পরিমাণ ছিল ৬১ মিলিয়ন মার্কিন ডলার। সেই হিসাবে চলতি মাসের এই দুই দিনে রেমিট্যান্স প্রবাহে রেকর্ড ৩৫১.৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

এর আগে, জুলাই মাসে দেশে ২.৮৫৯ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স আসে, যা এ খাতে একটি রেকর্ড অর্জন। বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসীদের টাকা পাঠানোর এই ধারাবাহিকতা রেমিট্যান্সের এই শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রাখতে বড় ভূমিকা রেখেছে। বাসস