‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে : অর্থমন্ত্রী

‘শিক্ষাকে সরাসরি কর্মসংস্থান, উৎপাদনশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সংযুক্ত করা হবে।’

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী |প্রধানমন্ত্রীর কার্যালয়

পরিবেশ ও নাগরিক দায়িত্বের অংশ হিসেবে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। এছাড়া, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সচেতনতা শিক্ষা অন্তর্ভুক্তি, খাল খনন, পরিচ্ছন্নতা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ ও পোষ্য প্রাণী পালনে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান নিশ্চিত করা হবে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এসব কথা বলেন।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, ‘শিক্ষাকে সরাসরি কর্মসংস্থান, উৎপাদনশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সংযুক্ত করা হবে। শক্তিশালী ‘ইন্ডাস্ট্রি একাডেমিয়া’ সংযোগ গড়ে তোলা হবে। যার মাধ্যমে শিক্ষার্থীরা অ্যাপ্রেনটিসশিপ ও ইন্টার্নশিপ সুবিধা পাবে এবং স্টার্ট-আপ চালুকরণ ও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।’

এছাড়াও, শিক্ষাখাত স্বীকৃত স্বল্পমেয়াদি কোর্স চালুকরণ এবং বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের যৌথ উদ্যোগে দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।

সূত্র : বাসস