৪ জুলাই দেশব্যাপী গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

১১ দলীয় ঐক্য জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৩৬ দিনের কর্মসূচি বাস্তবায়নে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আগামী ৪ জুলাই দেশব্যাপী গণমিছিল সফল করতে নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠক |সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৩৬ দিনের কর্মসূচি বাস্তবায়নে দেশবাসীকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে ১১ দলীয় ঐক্য। কর্মসূচির অংশ হিসেবে আগামী ৪ জুলাই সারাদেশে গণমিছিল সফল করার জন্য নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের প্রতি বিশেষ উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের এক গুরুত্বপূর্ণ বৈঠক থেকে এই আহ্বান জানানো হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। ৩৬ দিনের কর্মসূচির প্রতিটি ধাপ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আগামী ৪ জুলাই দেশব্যাপী আয়োজিত গণমিছিল সফল করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, জুলাইয়ের চেতনাকে সর্বদা জাগরুক রাখতে হবে।

এই চেতনাকে ধারণ করে ১১ দলের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঘোষিত কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, এনসিপির ঢাকা মহানগরী দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরদার, এলডিপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোলায়মান হোসাইন, জাগপার ঢাকা মহানগর সভাপতি জিয়াউল আনোয়ার, এবি পার্টির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা: ফখরুদ্দিন মানিক প্রমুখ।