আমরা বিএনপিকে এখনই আওয়ামী লীগের সাথে তুলনা করতে চাই না : সারজিস আলম

সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগ হচ্ছে গণহত্যাকারী, আওয়ামী লীগ হচ্ছে খুনি। আওয়ামী লীগ হচ্ছে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া একটি নরপিশাচ।’

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন সারজিস আলম
প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন সারজিস আলম |নয়া দিগন্ত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপিকে এখনই আওয়ামী লীগের সাথে তুলনা করতে চাই না, আগামীতেও করতে চাই না।’

শনিবার (২৯ আগস্ট) দুপুরে কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে আয়োজিত এনসিপি কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগরের সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগ ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা ২০১৩ সালে শাপলা চত্বরে হত্যাকাণ্ড ঘটিয়েছে। আওয়ামী লীগ ২৪-এর গণঅভ্যুত্থানে ১৪শর’ বেশি মানুষের জীবন কেড়ে নিয়ে আরেকটি গণহত্যা ঘটিয়েছে। আওয়ামী লীগ হচ্ছে গণহত্যাকারী, আওয়ামী লীগ হচ্ছে খুনি। আওয়ামী লীগ হচ্ছে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া একটি নরপিশাচ।’

বিএনপির বিষয়ে তিনি বলেন, ‘বিএনপিকে এই মুহূর্তে আমরা চাঁদাবাজ বলতে চাই না। তবে তাদের নেতাকর্মীরা চাঁদাবাজি করলে আমরা চাঁদাবাজ বলব, জমি দখল করলে দখলবাজ বলব। ছাত্রদল-যুবদলকে ব্যবহার করে মাদককারবার করলে মাদককারবারি বলব।’

এনসিপি অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে আপসহীন থাকবে দাবি করে সারজিস আলম বলেন, ‘আমাদের হয়তো চোখ তুলে নেয়া হবে, রক্তাক্ত করা হবে, তবুও আমরা ছাড় দেব না। মানুষ আমাদের এখনো একটি কারণে পছন্দ করে—আমরা অন্যায়ের সাথে আপস করি না।’

এনসিপির কুমিল্লা মহানগরের আহ্বায়ক মো: সিরাজুল হকের সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য দেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, এনসিপির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো: আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, জাতীয় যুবশক্তি কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান ও সদস্যসচিব আবদুর রহিম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এনসিপি কুমিল্লা উত্তর জেলার সদস্যসচিব রবিউল মনির চৌধুরী, দক্ষিণ জেলার সৈয়দ আহসান টিটু ও মহানগরের মাসুমুল বারী কাওসার।