ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দ্বীন কায়েম করতে হবে : আবদুর রব

দ্বীন কায়েমের প্রচেষ্টা চালানো আমাদের ওপর অত্যাবশ্যকীয় করে দেয়া হয়েছে। সকল নবী-রাসূলের একই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছিল। তাদের অনুপস্থিতিতে তা এখন আমাদের ওপর বর্তেছে।

নয়া দিগন্ত অনলাইন
শিক্ষা বৈঠকে অতিথিরা
শিক্ষা বৈঠকে অতিথিরা |সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুর রব বলেছেন, ‘জামায়াত এ দেশে আল্লাহর আইন ও বিশ্বনবী সা:-এর আদর্শের ভিত্তিতে একটি মানবিক সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের চরিত্র মাধুর্য ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

শুক্রবার (১৭ জুলাই) রাতে মগবাজারস্থ আলফালাহ মিলনায়তনে শিল্পাঞ্চল থানা জামায়াত আয়োজিত এক কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আব্দুর রব বলেন, ‘দেশে দুর্নীতি ও অবক্ষয়ের জয়জয়কার চলছে। এমতাবস্থায় সংগঠনের কাঠামো ও ভিত্তি মজবুত করার মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার কাজ এগিয়ে নিতে হবে। মজবুত সংগঠনের পূর্ব শর্ত হলো ইসলামী আদর্শের ভিত্তিতে সংগঠনের কর্মীদের জীবন গঠন করা ও দ্বীনি ইলম অর্জনে অগ্রগামী থাকা। তাই ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সংগঠনের প্রতি অকুণ্ঠ আনুগত্য ও শৃঙ্খলা মেনে চলতে হবে।’

তিনি দেশকে ইসলামী কল্যাণ পরিণত করার স্বপ্ন বাস্তবায়নে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ড. মাওলানা আবুল কালাম বাশার বলেন, ‘দ্বীন কায়েমের প্রচেষ্টা চালানো আমাদের ওপর অত্যাবশ্যকীয় করে দেয়া হয়েছে। সকল নবী-রাসূলের একই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছিল। তাদের অনুপস্থিতিতে তা এখন আমাদের ওপর বর্তেছে। তাই এ দায়িত্ব অবজ্ঞা বা উপেক্ষা করার কোনো সুযোগ নেই।’

তিনি দ্বীন কায়েমের প্রত্যয়ে সকলকে সীসাঢালা প্রাচীরে ঐক্যবদ্ধ হতে সকলের প্রতি আহ্বান জানান।

থানা আমির কলিম উল্লাহর সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন ও আতাউর রহমান সরকার। উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির মোহাম্মদ উল্লাহ ভুইয়া হারুন ও নুর উদ্দিন জাহিদসহ স্থানীয় নেতারা।