সংসদে হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে জাবিতে শিবিরের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির বিএনপির এমপি মনিরুল হক চৌধুরীর হিজাব-সংক্রান্ত বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। তারা বক্তব্যকে হিজাব, নিকাব ও বোরকার প্রতি অসম্মানজনক আখ্যা দিয়ে তা প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে।

আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সংসদে হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
সংসদে হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির |নয়া দিগন্ত

জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর হিজাব-সংক্রান্ত বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।

রোববার (১৪ জুন) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে সংগঠনটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘হিজাব নারীর অধিকার, কেড়ে নেয়ার সাধ্য কার’, ‘হিজাব-নিকাবের অপমান, সইবে নারে মুসলমান’-সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে জাবি ছাত্রশিবিরের সেক্রেটারি মো: মাজহারুল ইসলাম বলেন, ‘হিজাব, নিকাব ও বোরকা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সংস্কৃতি, ধর্মীয় পরিচয় এবং মর্যাদাবোধের গুরুত্বপূর্ণ অংশ। জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য মনিরুল হকের নারীর পোশাক নিয়ে করা মন্তব্য অত্যন্ত অনভিপ্রেত ও অসম্মানজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

তিনি আরো বলেন, ‘কোনো নারীকে তার পোশাকের কারণে হেয় বা কটাক্ষ করা গ্রহণযোগ্য নয়। একইসাথে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়েও আমরা উদ্বিগ্ন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি। এ ধরনের বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে দুঃখ প্রকাশ করতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্র নারী শিক্ষার্থীদের পোশাক ও ব্যক্তিগত পছন্দকে সম্মান করার সংস্কৃতি নিশ্চিত করতে হবে।’

সমাবেশে জাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, ‘স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ ভারত থেকে ইসলামবিদ্বেষ আমদানি করেছে। সেই ছাত্রলীগের সাবেক সভাপতিই বিএনপিতে এসে বিএনপিকেও ইসলামবিদ্বেষী করে তুলেছেন।’

তিনি দাবি করেন, জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে সংসদে হিজাব, বোরকা ও পর্দা নিয়ে অবমাননাকর আলোচনা উত্থাপন করা হয়েছে।

ছাত্রশিবির সভাপতি আরো বলেন, “বিএনপির সংসদ সদস্য মনিরুল হক মন্তব্য করেছে, ‘তারা কারা, আমি তাদের চিনি না।’ কিন্তু আমরা বলতে চাই, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে হিজাব পরিহিত অসংখ্য নারী অংশ নিয়েছেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে মুসলমানদের ধর্মীয় অনুশীলন, হিজাব, বোরকা ও পর্দা নিয়ে কটাক্ষ বা অবমাননাকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

এ সময় মনিরুল হকের বক্তব্য প্রত্যাহার এবং জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান বক্তারা।