হিজাব-নিকাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

রোববার (১৪ জুন) রাত সাড়ে ৯টায় ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত মিছিলটি রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

নয়া দিগন্ত অনলাইন

জাতীয় সংসদে ১১ দলীয় জোটের নারী সংসদ সদস্যদের হিজাব-নিকাব পরিধান নিয়ে কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মনিরুল ইসলাম চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ এবং দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার (১৪ জুন) রাত সাড়ে ৯টায় ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত মিছিলটি রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক আজিজুর রহমান আজার বলেন, সংসদে হিজাব ও শালীন পোশাক নিয়ে কটাক্ষ করা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। এ ধরনের বক্তব্য দেশের ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, নারীদের ধর্মীয় স্বাধীনতা ও পোশাকের স্বাধীনতাকে সম্মান জানানো উচিত। সংসদের মতো গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।

আজিজুর রহমান আজার আরো বলেন, দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। একই সঙ্গে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বক্তারা অভিযোগ করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নারী নির্যাতনের ঘটনা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এ অবস্থার পরিবর্তনে রাজনৈতিক ও সামাজিক সব শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, ঢাকা মহানগর পূর্ব সভাপতি ও ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হাফেজ দেলোয়ার হোসাইন, ঢাকা মহানগর পশ্চিম সভাপতি হাফেজ আবু তাহেরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ পরিচালনা করেন ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর সভাপতি সাইফুল ইসলাম সায়েম।