বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম বলেছেন, ‘চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেই। দেশ যেন আবারো আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে।’
শুক্রবার (১০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখার সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ টি এম মাসুম বলেন, ‘যে জুলাইয়ে ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন দেশ পেয়েছি, সেই শহীদদের রক্তের মর্যাদা আমাদের রক্ষা করতে হবে। এ দেশ তিতুমীর ও অলি-আউলিয়াদের দেশ। এ দেশকে রক্ষা করার জন্য আমাদের অঙ্গিকার করতে হবে।’
সংগঠনের সদস্যদের চারিত্রিক দৃঢ়তার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘ওয়াদা ও অঙ্গীকার রক্ষায় কোনো প্রকার শিরক করা যাবে না। একজন সদস্যের জীবনে কোনোভাবেই হারামের সংশ্লিষ্টতা থাকতে পারবে না। সমাজ পরিবর্তনের আগে নিজেদের পরিবারকে আদর্শ হিসেবে গড়ে তুলতে হবে। তাড়াহুড়ো করে ঘোলা পানিতে মাছ শিকার না করে জনগণকে সুশৃঙ্খলভাবে সংগঠনে নিয়ে আসতে হবে। জামায়াতের পাল্লা ভারি করতে মানুষের হতাশা দূর করে উদ্দীপনা ছড়িয়ে দিতে হবে।’
বর্তমান শিক্ষা ব্যবস্থা ও সামাজিক অবক্ষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘বর্তমানে শিক্ষা ব্যবস্থার খুব খারাপ অবস্থা আমরা লক্ষ করছি। মোবাইল ও ইন্টারনেটে আসক্ত করে ছাত্রদের ধ্বংসের মুখে ঠেলে দেয়া হচ্ছে।’
নারায়ণগঞ্জ মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যমাওলানা মইনুদ্দিন আহমাদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের আমিরমমিনুল হক সরকার, মহানগরী নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্যমাওলানা আব্দুল কাইয়ুম।
মহানগরীর সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিন। মহানগরীর কর্মপরিষদ সদস্যরা, পেশাজীবী নেতাদের মধ্যে ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট মাইনউদ্দিন মিয়া, ডক্টরস ফোরামের জেলা সভাপতি ডা: আলী আশরাফ খান এবং মহানগরীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিনসহ স্থানীয় বিপুল সংখ্যক নেতৃরা উপস্থিত ছিলেন।



