রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বেসরকারি হজ অ্যাজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেষ হয়েছে। এ উপলক্ষে শনিবার (১ আগস্ট) রাতে এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিমান পরিবহনমন্ত্রী আফরোজা খানম বলেন, বিগত সময়ে হজের বিমান ভাড়া নিয়ে সিন্ডিকেট হয়েছিল। প্রধানমন্ত্রীর নির্দেশে সেটা এবার ভেঙ্গে দেয়া হয়েছে।
তিনি বলেন, এবার বিমান ভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমানো হয়েছে। সরকারের পাঁচ মাসে দুই হজে কমানো হয়েছে ৩৬ হাজার ৮৩০ টাকা। সৌদি সরকারের সাথে আলোচনা চলছে। বিমান ভাড়া আরো কমতে পারে।
হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের সভাপতিত্বে ও হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ-২ আসনের এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মঞ্জুরুল হক, বিমানের ব্যবস্থাপনা পরিচালক কায়জার সোহেল আহমেদ, হাবের সাবেক সভাপতি ইবরাহিম বাহার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)-এর সাবেক মহাসচিব কাজী মফিজুর রহমান, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- টোয়াবের সভাপতি মোহাম্মদ হানিফ প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাবের ইসি সদস্য মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী।
বিমানমন্ত্রী বলেন, হজ শুধু সফর নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক নিরলস যাত্রা। এজন্য ওমরাহর থেকে মূল হজের গুরুত্ব দিতে হবে। এবার হজযাত্রী এক লাখ করতে হবে। আমরা পুরস্কার পাই না। আগামীতে পাব ইনশাআল্লাহ।
হজ নিয়ে যাতে কোনো প্রতারণার ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সতর্ক করে তিনি বলেন, হজ ফ্লাইটে প্রথম দিকে অ্যাজেন্সি মালিকদের জন্য বরাদ্দের বিষয়ে ধর্মমন্ত্রী আসার পর আলোচনা করে কিছু দেয়ার চেষ্টা করা হবে।
তিনি বলেন, এবার সৌদি কোম্পানি পুরো হজ মৌসুমে খাবার সরবরাহ করবে। সৌদির দেয়া খাবার হজযাত্রীরা খেতে পারবে কিনা সন্দেহ। এটা নিয়ে সৌদির সাথে কথা বলব।
মুফতি মুহাম্মদুল্লাহ বলেন, হজ ইবাদতের কাজ। হাজীদের খেদমত করে ভালো ফল পাওয়া যায়। যারা প্রতারণা করে তারা হারিয়ে গেছে। বিমান ভাড়া না কমালে এবার হজের খরচ আরো বেড়ে যেত।
ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ বলেন, নিরাপদ ও সাশ্রয়ী হজ ব্যবস্থাপনার টার্গেট ধর্ম মন্ত্রণালয়ের। দিনরাত পরিশ্রম করে ভাল ব্যবস্থাপনার চেষ্টা করা হয়। সৌদি সরকার বাণিজ্যিক দৃষ্টিতে দেখে, এজন্য যতই ভালো করি আমাদের সংখ্যা কম হওয়ার কারণে আমাদের পুরস্কার দেয়া হয় না। ওমরায় যাচ্ছে পাঁচ লাখ লোক। গ্রাম-গঞ্জে ওমরাহকে ছোট হজ বলে পাঠাচ্ছে। ফরজ বাদ দিয়ে নফলের দিকে কেন? এটা নিয়ে গবেষণা করা দরকার। মেলা খুবই সফল হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের স্টলেও ১৩১ জন নিবন্ধন করেছেন।
সরকারিভাবে ভালো ব্যবস্থাপনা করা হয়। এবার হজে খাবারের দায়িত্ব নিয়েছে। এবার ৩৯ হাজার টাকা খাবার বাবদ দিতে হচ্ছে। এবার অতিরিক্ত বাড়িভাড়া দুই শতাংশ করতে হবে। গতবার ছিল এক শতাংশ। এতেও খরচ বেড়েছে। প্রথম ফেতরায় বেসরকারি হাজীদের ফ্লাইটের যে দাবি তা দেখা হবে। লাইসেন্স করা অ্যাজেন্সির বাইরে কারো কাছে যেন কেউ হজের নিবন্ধন না করেন। ইমামদের মাধ্যমে, আড়াই লাখ লিফলেট বিতরণ করে সতর্ক করা হচ্ছে। লিড অ্যাজেন্সি নিয়ে যাতে সিন্ডিকেট না হয় সেজন্য প্রতিবছর পরিবর্তন করা হবে। পিছনের দুর্নীতি নিয়ে বেশি ঘাটাঘাটি করতে চাই না। তবে সুনির্দিষ্ট কিছু থাকলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। ২৭ সালের হজ আরো ভালো হবে প্রত্যাশা করেন তিনি।
ইবরাহিম বাহার বলেন, গত বছর পাঁচ লাখ ওমরাহযাত্রী গেছে। অথচ সরকারের রেকর্ডে আছে মাত্র দুই লাখ। তার মানে বাকি তিন লাখ লোক ওমরাহ অ্যাজেন্সির বাইরে গেছে, মানবপাচার হচ্ছে। বিষয়টি দেখা দরকার।
ইয়াকুব শরাফতি বলেন, যার হাজী তার টিকিট ব্যবস্থাপনার দায়িত্ব দেয়ার দাবি জানান।
হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার বলেন, বিমান ভাড়া প্রায় দুই লাখ টাকা হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী ও বিমান পরিবহনমন্ত্রীর কারণে এবার মাত্র এক লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে। এজন্য ধন্যবাদ জানাই। হজে প্রথম ফেতরায় বেসরকারি অ্যাজেন্সি মালিকদের জন্য বরাদ্দ রাখার দাবি জানান। মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে হজে যাবেন না। অ্যাজেন্সি সরকারের কাছে দায়বদ্ধ। কোন অনিয়ম হলে প্রতিকার পাবেন। অ্যাজেন্সি মালিকদের প্রতি আহ্বান আপনারাও মধ্যস্বত্বভোগীদের কোনো প্রশ্রয় দিবেন না।
হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, মেলায় ব্যাপক সাড়া পাওয়া গেছে। হজে গমনেচ্ছুক অনেক ব্যক্তি মেলায় বুকিং দিয়েছেন। হজযাত্রীদের সচেতন করতে এবং মধ্যস্বত্বভোগীদের প্রতারণা থেকে বাঁচাতে এ মেলার আয়োজন করা হয়। এজন্য আমরা সফল বলতে পারি। এবার ডলারের মূল্য আগের থেকে বেশি। তারপরও এক লাখ ৩০ হাজার টাকা বিমান ভাড়া। আর ফ্যাসিস্ট সরকারের সময়ে প্রায় দুই লাখ টাকা নির্ধারণ করে কত টাকা লুটপাট করেছে তার হিসাব নিতে হবে।



