বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সাথে বিশ্বের অন্যান্য অঞ্চলের সংযোগকারী একটি আঞ্চলিক বিমান চলাচলের কেন্দ্র (এভিয়েশন হাব) হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
তিনি বলেন, ‘বাংলাদেশ বিমান চলাচল খাতে একটি নতুন যুগে প্রবেশ করেছে। বর্তমান সরকারের নেতৃত্বে আধুনিক বিমানবন্দর অবকাঠামো নির্মাণ, যাত্রীসেবার মানোন্নয়ন এবং বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের আকাশপথের যোগাযোগ সম্প্রসারণে কাজ চলছে।’
সোমবার (২৭ জুলাই) রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত ‘সৌদিয়া ও এইচএসবিসি : বৈশ্বিক সংযোগে শক্তিশালী অংশীদারত্ব-বাংলাদেশে সৌদিয়ার যাত্রা উদযাপন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সরকারের লক্ষ্য বাংলাদেশকে একটি আঞ্চলিক বিমান চলাচলের কেন্দ্রে পরিণত করা, যা দক্ষিণ এশিয়াকে বিশ্বের বৃহত্তর পরিসরের সাথে সংযুক্ত করবে। এ লক্ষ্য বাস্তবায়নে আন্তর্জাতিক বিমান সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান এবং কৌশলগত বিনিয়োগকারীদের সহযোগিতা ও বিনিয়োগকে সরকার স্বাগত জানায়।’
বাংলাদেশে সৌদিয়ার দীর্ঘদিনের কার্যক্রমের প্রশংসা করে আফরোজা খানম বলেন, গত ৪৬ বছর ধরে সৌদিয়া বাংলাদেশে সফলভাবে সেবা দিয়ে আসছে। এ সময়ে প্রতিষ্ঠানটি লাখো যাত্রীর যাতায়াত সহজ করেছে, প্রবাসী কর্মীদের আন্তর্জাতিক ভ্রমণে সহায়তা দিয়েছে এবং হজ ও ওমরাহ পালনকারী মুসল্লিদের নিরাপদ ও নির্ভরযোগ্য ভ্রমণ নিশ্চিত করেছে।
তিনি বলেন, সৌদিয়া শুধু একটি আন্তর্জাতিক বিমান সংস্থাই নয়, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবেও ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক) তানভীর গনি, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবনে ধাফের ইবনে উবাইয়া, সৌদিয়া, হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একইসাথে বৈশ্বিক সংযোগ সম্প্রসারণে বিমান চলাচল খাতের ভূমিকা এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। বাসস



