সততা, বিচক্ষণতা ও সময়ানুবর্তিতা দেশের প্রতি ভালোবাসার অংশ : স্বাস্থ্যমন্ত্রী

‘আপনাদের এই অবস্থানে আসার পেছনে পরিবার ও সমাজের বড় অবদান রয়েছে। সাধারণ মানুষের প্রতি আপনাদের সুনির্দিষ্ট দায়বদ্ধতা রয়েছে। একটি দেশের কর্মকর্তা হিসেবে প্রতিটি কাজের ক্ষেত্রে নিজের ভেতরের জবাবদিহিতা অনুভব করতে হবে।’

নয়া দিগন্ত অনলাইন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন |ফাইল ছবি

সরকারি কর্মকর্তাদের সততা, বিচক্ষণতা ও সময়ানুবর্তিতা দেশের প্রতি ভালোবাসার অংশ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন।

শুক্রবার (২৪ জুলাই) রাতে রাজধানীর একটি হোটেলে ‘সাপ্তাহিক সময় ও কথা’ এবং ‘রিদম গ্রুপ’ আয়োজিত নরসিংদী জেলা থেকে ৪৫তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সুপারিশপ্রাপ্তদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, শুধু বেআইনি অর্থ গ্রহণ না করাই সততার শেষ কথা নয়, বরং সততার মূল ভিত্তি লুকিয়ে রয়েছে সময়ানুবর্তিতা, পদের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাঝে। সরকারি কিংবা বেসরকারি যেকোনো ক্ষেত্রে কর্মকর্তার মূল দায়িত্ব হওয়া উচিত জনগণের কল্যাণ নিশ্চিত করা।

তিনি বলেন, ‘আপনাদের এই অবস্থানে আসার পেছনে পরিবার ও সমাজের বড় অবদান রয়েছে। সাধারণ মানুষের প্রতি আপনাদের সুনির্দিষ্ট দায়বদ্ধতা রয়েছে। একটি দেশের কর্মকর্তা হিসেবে প্রতিটি কাজের ক্ষেত্রে নিজের ভেতরের জবাবদিহিতা অনুভব করতে হবে।’

ব্যাংকিং খাত থেকে নিজের কর্মজীবন শুরুর অভিজ্ঞতা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, সকাল সাড়ে আটটায় অফিসে গিয়ে কাজ শেষ করে রাত ৯টায় বাড়ি ফেরার যে সংস্কৃতি তিনি দেখে এসেছেন, তা আজও প্রাসঙ্গিক। কাজের প্রতি এ ধরনের একাগ্রতাই প্রকৃত সততা। বাসস