বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘রাষ্ট্রের মানুষের নিরাপত্তা যারাই বিঘ্নিত করবে, তাদের দল-মতের ঊর্ধ্বে উঠে কঠোর আইনের আওতায় নিয়ে আসতে হবে। তবেই সমাজ থেকে অপরাধ প্রবণতা কমে আসবে।’
বৃহস্পতিবার (২১ মে) বিকাল ৪টার দিকে রাজধানীর মগবাজারে চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরা হয়।
উদ্ভূত পরিস্থিতিতে বিরোধী দল নিজেদের দায় এড়াতে পারে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেলিম উদ্দিন বলেন, ‘বিরোধী দল তার দায়িত্ব যথাযথভাবে পালন করছে। জনগণের প্রতিনিধি হয়ে তাদের অভাব-অভিযোগ ও দাবি-দাওয়া সরকারের কাছে নিরন্তর তুলে ধরছে।’
সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সময়ের আলোচিত রামিসা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘এ নৃশংস হত্যাকাণ্ডের বিচার আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে নিশ্চিত করতে হবে।’
অপরাধীদের দ্রুততম সময়ে শাস্তির মুখোমুখি করতে প্রয়োজনে আইন সংশোধনেরও পরামর্শ দেন জামায়াতের এই শীর্ষ নেতা।
সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে দেশের অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তার বিষয়ে সরকারের পক্ষ থেকে যদি দ্রুত কোনো সুস্পষ্ট অঙ্গীকার ও দৃশ্যমান পদক্ষেপ না আসে, তবে সাধারণ জনগণকে সাথে নিয়ে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’



