জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শফিউল আলম প্রধানের বড় ভাই শামসুল আলম মো: কবির প্রধান (৮২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ সোমবার বাংলাদেশ সময় সকাল ১০টায় তিনি কানাডার টরেন্টো শহরে ইন্তেকাল করেন। দু’দিন আগে তিনি ঢাকা থেকে কানাডায় মেয়ে কাশফি কবির তিথির বাসায় গিয়েছিলেন।
কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, বিশিষ্ট কৃষিবিদ শামসুল আলম মো: কবির প্রধান বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশনের ডিরেক্টর হিসেবে বরেণ্য কর্মজীবনের পরিসমাপ্তি টানেন। তার নামাজে জানাজা এবং দাফন কানাডায় অনুষ্ঠিত হবে।
মরহুমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন ও জাগপার প্রেসিডিয়াম সদস্যবৃন্দ।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, শামসুল আলম মো: কবির প্রধান একজন দেশপ্রেমিক। তিনি ছিলেন প্রধান পরিবার এবং জাগপা পরিবার জন্য দীর্ঘ পথচলা প্রেরণার বাতিঘর।
নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।



