প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে স্বৈরাচারী মনোভাবাপন্ন শাসকেরা নিজেদের স্বার্থে সংবাদমাধ্যমকে ‘লাঠির মতো’ ব্যবহার করেন। মিডিয়াকে যেমন ডান্ডাবেড়ি পরিয়ে দমন করেন, ঠিক সেইভাবে জনগণকে দমন করার অপচেষ্টা চালান।’
রোববার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) অডিটোরিয়ামে এক স্মারক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) প্রতিষ্ঠাতা মহাপরিচালক, বাংলাদেশ অবজারভারের প্রতিষ্ঠাতা সম্পাদক ও ভাষা সৈনিক সাংবাদিক আবদুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
উপমহাদেশের প্রখ্যাত সম্পাদক আবদুস সালামের আদর্শিক জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আব্দুস সালাম সাহেবের মতো স্বাধীনচেতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকের অভাব আজ বিশ্বজুড়েই প্রকট। তিনি সরকারি লাভজনক চাকরি ছেড়ে সাংবাদিকতার মতো কণ্টকাকীর্ণ পথ বেছে নিয়েছিলেন। একাধিকবার জেল খেটেছেন, নির্যাতন সহ্য করেছেন, কিন্তু সত্য প্রকাশ ও নীতি থেকে কখনো বিচ্যুত হননি।’
কাজী নজরুল ইসলামের সাথে আবদুস সালামের জীবনসংগ্রামের তুলনা করে বিএনপি নেতা আরো বলেন, ‘নজরুল ও আবদুস সালাম দুজনই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে জেল খেটেছেন এবং দুজনেই ১৯৭৬ সালে একুশে পদক পেয়েছেন। আবদুস সালামের মতো সত্যনিষ্ঠ সাংবাদিকদের আদর্শ আজকের বিপন্ন পৃথিবীতে আবার জাগিয়ে তোলা প্রয়োজন।’
আলোচনা সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, বাসসের প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা: জাহেদ উর রহমান, আবদুস সালামের কন্যা নিহাত সালামসহ বিভিন্ন গণমাধ্যমের বিশিষ্ট সাংবাদিক, বুদ্ধিজীবী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



