বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ছাত্রদলের ১০ দফা জরুরি নির্দেশনা

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথ বিবৃতিতে এই নির্দেশনা দেন।

অনলাইন প্রতিবেদক
ছাত্রদলের লগো
ছাত্রদলের লগো |সংগৃহীত

চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

টানা বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট এই আকস্মিক বন্যায় মানুষের জীবন ও সম্পদ রক্ষায় এবং ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট ইউনিটসমূহের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথ বিবৃতিতে এই নির্দেশনা দেন।

বিবৃতিতে বলা হয়, প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশের যেকোনো দুর্যোগ-দুর্বিপাক কিংবা সংকটে একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে ছাত্রদলের নেতাকর্মীরা সবসময়ই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। চলমান বন্যা পরিস্থিতিতেও নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ ও আন্তরিকতা নিয়ে মাঠে থাকার আহ্বান জানানো হয়েছে।

১. সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনার কাজে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। গবাদি পশুগুলোকেও নিরাপদ স্থানে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে।

২. উদ্ধারকাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য প্রতিটি ইউনিটে প্রয়োজনীয় সংখ্যক রেসকিউ টিম প্রস্তুত রাখতে হবে।

৩. স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে হবে। শুকনো কিংবা রান্না করা খাবার, খাবার স্যালাইন, ফিটকিরি/পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রাখতে হবে।

৪. যারা বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যাবেন তাদের বাড়িঘরের নিরাপত্তা নিশ্চিতের জন্য স্থানীয়দের সাথে পরামর্শক্রমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।

৫. বন্যা-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে।

৬. সকল ক্ষেত্রে নারী, শিশু ও বয়োঃবৃদ্ধদের অগ্রাধিকার দিতে হবে।

৭. বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে দুর্গত এলাকায় চিকিৎসা সহায়তার জন্য মেডিক্যাল টিম গঠন করা হবে।

৮. বন্যা-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত বাঁধ পুননির্মাণসহ যাবতীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।

৯. বন্যা-পরবর্তী সময়ে টাইফয়েড, ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। সেজন্য ইউনিটভিত্তিক মেডিক্যাল টিম গঠনসহ প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ বিতরণের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।

১০. বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সার্বিকভাবে পুরো বিষয়টি সমন্বয় করবেন। বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর যাবতীয় তথ্য ইউনিটভিত্তিক কেন্দ্রীয় দফতরে পাঠাবেন।

ছাত্রদলের শীর্ষ নেতৃদ্বয় দেশের এই ক্রান্তিকালে সকল স্তরের নেতাকর্মীকে নিজেদের সর্বোচ্চ সামর্থ্য নিয়ে উপদ্রুত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানিয়েছেন।