বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অসুস্থ সাবেক সংসদ সদস্য, জামায়াতের সাবেক সিলেট জেলা আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে দেখতে সিলেটের ইবনে সিনা হাসপাতালে গেছেন।
সোমবার রাতে সিলেটে পৌঁছার পর তিনি ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর শয্যাপাশে যান। এ সময় তিনি তার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
দীর্ঘদিন ধরে অসুস্থ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী বর্তমানে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
পরে ডা. শফিকুর রহমান হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার-মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, মহানগর জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলীসহ মহানগর ও জেলা জামায়াতের নেতারা।



