বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘জাতীয় সংসদে আলোচনা করে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানো সরকারের উচিত ছিল। সংসদকে পাশ কাটিয়ে মধ্যরাতে এ সিদ্ধান্ত নিয়েছেন। দিনের বেলায়ও সিদ্ধান্ত নেননি। অথচ সরকার পক্ষ থেকে বলা আছে, সব বিষয়ে আলোচনার জন্য সংসদের মাধ্যমে সব বিষয় সমাধান করবে।’
শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পূর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা যুব বিভাগের উদ্যোগে সাভার সদর ইউনিয়নের চাপাইন নিউ মডেল স্কুল মাঠে বৃক্ষরোপণ, গাছ বিতরণ কর্মসূচি পালন করেন।
যুব ও ক্রীড়া বিভাগের ঢাকা জেলার সেক্রেটারী মুহাম্মদ আব্দুল কাদের এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
এসময় অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি হয়েছে— দেশে নিরাপত্তা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সারাদেশে খুন, গুম, ধর্ষণ হচ্ছে আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়েছে।
দেওয়ালে পিঠ ঠেকে গেলে তারা আন্দোলনে নামবে বলে তিনি বলেন, আওয়ামী লীগ এদেশের রাজনীতি করতে পারবে না, তাদের ওপর নিষেধাজ্ঞা আছে— তারা গণহত্যাকারী দল।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলার আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য, ঢাকা জেলা সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো: আফজাল হোসাইন, সহকারী সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা মো: শাহাদাত হোসাইন, জেলা রাজনৈতিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো: শহিদুল ইসলাম।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম, সাভার পৌরসভার নায়েবে আমির অধ্যাপক মো: মনসুর আলী, সাভার থানার সেক্রেটারি মো: শরিফুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আ: রহীমসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।



