অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে মির্জা ফখরুলের অভিনন্দন

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ক্রিকেট দল, খেলোয়াড়, কোচিং স্টাফ। ইনসেটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশ ক্রিকেট দল, খেলোয়াড়, কোচিং স্টাফ। ইনসেটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর |সংগৃহীত

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী এবং দলের সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৬ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের এই সাফল্যে অভিনন্দন জানান।

ফেসবুকে তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট টিমকে প্রাণঢালা অভিনন্দন।

পোস্টে তিনি বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের ছবিও যুক্ত করেন।

অস্ট্রেলিয়ার ডারউইনে অজিদের বিপক্ষে টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ভেন্যুতে টেস্ট শুরু করেছিল, সেখানে পূর্ণ শক্তির দলকে ৯ উইকেটে হারাল টাইগাররা। রোববার ঐতিহাসিক এই জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পরিবর্তন এসেছে বাংলাদেশের।

এর আগে, ভিডিও কলের মাধ্যমে প্রধানমন্ত্রী বিজয়ী বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে এই অবিস্মরণীয় অর্জনের জন্য শুভেচ্ছা জানান।

বাংলাদেশ দল যখন ঐতিহাসিক জয় নিশ্চিত করে, তখন কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ম্যাচ শেষ হওয়ার পর তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়দের সাথে ভিডিও কলে কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের এই ঐতিহাসিক জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। দলের খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে।

তারেক রহমান বাংলাদেশ দলকে বলেন, ‘বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদের ওয়েলকাম করার জন্য।’

বাংলাদেশ ক্রিকেট দলের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানও।

তিনি ফেসবুকে লেখেন, ‘ডারউইন টেস্টে বাংলাদেশের ইতিহাস গড়া বিজয়! ওয়েল ডান, বাংলাদেশ ক্রিকেট টিম!’