বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে প্লাস্টিক দূষণ রোধ ও নগরবাসীকে পরিবেশ সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা মহানগরী উত্তর জামায়াত। সে ধারাবাহিকতায় প্লাস্টিকের বোতল জমা দিলেই বিনামূল্যে গাছের চারা বিতরণের কর্মসূচির উদ্বোধন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এসময় মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং দূষণমুক্ত নগরী গঠনে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে জামায়াত ঢাকাকে আরো সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসাবে গড়ে তুলতে চায়। ’
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘ উপযুক্ত ও সময়োপযোগী পরিকল্পনা এবং সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্বের অভাবে ঢাকা এখনো পুরোপুরি বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব হয়নি। বায়ুদূষণ, যানবাহনের কালো ধোঁয়া, শব্দদূষণ এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা নগরবাসীর জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এসব সমস্যা সমাধানে প্রয়োজন সৎ নেতৃত্ব ও কার্যকর পরিকল্পনা। ’
তিনি দেশে লাগামহীন দুর্নীতির প্রসঙ্গ টেনে বলেন, ‘দুর্নীতিই আমাদের দেশের সুশাসন ও উন্নয়নে অন্যতম প্রধান প্রতিবন্ধক। আর দুর্নীতিবাজদের মাধ্যমে কখনো টেকসই উন্নয়ন সম্ভব নয়। একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও মানবিক নগরী গড়তে হলে দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা করতে হবে।’
তিনি সে স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
পরিবেশ সংরক্ষণে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করে ডিএনসিসিতে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী বলেন, ‘দেশের যুব সমাজই আগামী দিনের ভবিষ্যৎ। তাই যুবসমাজকে সম্পৃক্ত করেই পরিবেশ আন্দোলনকে বেগবান করতে হবে। প্রতিটি ভবনে ছাদবাগান গড়ে তোলা, বৃক্ষরোপণ বৃদ্ধি এবং বর্জ্য পুনর্ব্যবহারে তরুণদের এগিয়ে আসতে হবে।’
তিনি রাজধানীতে বছরে অন্তত একদিন ‘যানবাহনমুক্ত দিবস’ পালনের দাবি জানিয়ে বলেন, ‘ওই দিন যান্ত্রিক যানবাহনের পরিবর্তে সাইকেল ও পায়ে হাঁটার সংস্কৃতি উৎসাহিত করা হলে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।’
আলোচনা সভা শেষে মহানগর আমির তিনটি ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেন এবং হাতে প্লাস্টিকের বোতল নিয়ে উপস্থিত কয়েকজনকে গাছ উপহার দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
ঢাকা মহানগর উত্তর যুব-ক্রীড়া বিভাগের সভাপতি ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে ও সেক্রেটারি ড. মোস্তফা ফয়সাল পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা: ফখরুদ্দীন মানিক, প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, যুব বিভাগের সহ-সভাপতি ডা: মাঈনুদ্দীন ও বনানী থানা আমির মিজানুর রহমান খান প্রমুখ।



