দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে উত্তরাঞ্চল বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্ত হয়ে সমৃদ্ধ অঞ্চলে পরিণত হবে।
তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা উত্তর জনপদের সৌভাগ্য ও সমৃদ্ধির সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত। এ কারণেই বর্তমান দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার এ মহাপরিকল্পনা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।
আজ মঙ্গলবার রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত এক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, ষড়ঋতুর এ দেশে দুর্যোগের সাথে মানুষের বেড়ে ওঠা। প্রতিনিয়ত নানা ধরনের দুর্যোগ এখানে আঘাত হানে। এসব দুর্যোগে সব হারানো নিঃস্ব মানুষের পাশে আশার আলোকবর্তিকা হয়ে দাঁড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বন্যাপ্রবণ গাইবান্ধা, কুড়িগ্রাম ও জামালপুর জেলার ১৯টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। স্থানীয় পর্যায়ে মৌসুমি বন্যার আগাম পূর্বাভাস ব্যবস্থা উন্নত করা এবং বন্যার আগাম সতর্কবার্তা প্রচারের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীকে বন্যার ঝুঁকি মোকাবিলায় সক্ষম করে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব এবিএম সফিকুল হায়দার, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে বক্তব্য দেন।
সূত্র : বাসস



