ইসলামী আন্দোলনে কারো পক্ষে অবসর নেয়ার সুযোগ নেই : মোহাম্মদ সেলিম উদ্দিন

ইসলামী আন্দোলনের পথচলা অতীতে যেমন ফুল বিছানো ছিল না, এখনো নয়। এক সমস্যা-সঙ্কুল, কন্টকাকীর্ণ ও সংকীর্ণ পথেই ইসলামী আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিতে হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
বক্তব্য রাখছেন সেলিম উদ্দিন
বক্তব্য রাখছেন সেলিম উদ্দিন |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘ইসলামী আন্দোলনে কারো পক্ষে অবসর নেয়ার সুযোগ নেই। কারণ, এ কাজ আমাদের প্রত্যেকের ওপরই ফরজ করে দেয়া হয়েছে।‘

শুক্রবার (২২ মে) সকালে রাজধানীর একটি মিলনায়তেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল অঞ্চল আয়োজিত ছাত্র ইসলামী আন্দোলনের সাবেক জনশক্তিদের প্রীতি সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, ‘ইসলামী আন্দোলনের পথচলা অতীতে যেমন ফুল বিছানো ছিল না, এখনো নয়। এক সমস্যা-সঙ্কুল, কন্টকাকীর্ণ ও সংকীর্ণ পথেই ইসলামী আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিতে হয়েছে। যুগে যুগে যারাই মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন তাদের ওপরই নেমে এসেছে অবর্ণনীয় জুলুম-নির্যাতন। নবী-রাসূলগণও বিরুদ্ধবাদী কুফরী শক্তির হাত থেকে রেহাই পাননি। তাদের কাউকে কাউকে হত্যাও করা হয়েছে। বিশ্বনবীকে (সা:) তা থেকে রেহাই দেয়া হয়নি বরং কাফেরদের নির্মম নির্যাতনে তাকে জন্মভূমি থেকে মদীনায় হিজরত করতে হয়েছে।’

তিনি বলেন, ‘ইতিহাসের সে ধারাবাহিকতায় স্বৈরাচারি ও ফ্যাসীবাদী আওয়ামী লীগ সরকার আমাদের শীর্ষনেতাদের নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করেছে। অথচ আল্লাহর ওপর ঈমান আনায় ছিল তাদের বড় অপরাধ।’

তিনি আরো বলেন, ‘প্রত্যেক নবী-রাসূলগণই এ মিশন ও ভিশন নিয়েই দুনিয়াতে প্রেরীত হয়েছিলেন। রাসূল সা: ও একই দায়িত্ব নিয়ে দুনিয়াতে এসেছিলেন এবং তার আসহাবগণও (একবচন হলো সাহাবী) সে দায়িত্ব পালন করে গেছেন। আল্লাহ তা’য়ালার খলিফা হিসেবে সে দায়িত্ব এখন আমাদের ওপর চেপেছে। মূলত, মানবরচিত বিধান দিয়ে মানুষের কল্যাণ সম্ভব নয়। তাই কুরআন-সুন্নাহর আদের্শের ভিত্তিতে পুরো বিশ্বকেই পরিবর্তনের জন্য আমাদের নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ নিতে হবে। এ দায়িত্ব থেকে অব্যহতি নেয়া বা পিছপা হওয়ার কোনো সুযোগ নেই।’

তিনি জীবনকে ইসলামের রঙ্গীন ও দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি শহীদদের স্বপ্ন বাস্তবায়ন এবং অসমাপ্ত কাজ সমাপ্ত করতে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও অঞ্চল পরিচালক হেমায়েত হোসাইনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক আতাউর রহমান সরকারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন তেজগাঁও দক্ষিণ থানা আমির ইঞ্জিনিয়ার নোমান আহমেদি, হাতিরঝিল পূর্ব থানা আমির জিল্লুর রহমান, পশ্চিম আমির নুরুল ইসলাম আকন্দ, শিল্পাঞ্চল থানা আমির কলিম উল্লাহ ও তেজগাঁও উত্তর থানা আমির আহসান উল্লাহ প্রমুখ।