বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায়-ইনসাফভিত্তিক মানবিক ও জনবান্ধব বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য নিরলস ও আপসহীনভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ডিএনসিসিতে জামায়াত মনোনীত মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের কাঁচা বাজারে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশেষ উদ্যোগ ‘মানবতার বক্স’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উদ্বোধন শেষে মহানগরীর আমির নিজেই কাঁচা বাজারের ভেতরে হেঁটে হেঁটে বিভিন্ন দোকানদার ও বাজারে আসা সাধারণ ক্রেতাদের কাছে যান। এ সময় তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ‘মানবতার বক্সে’ সামর্থ্য অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, বস্ত্র বা আর্থিক সহায়তা রাখার জন্য সবাইকে বিশেষভাবে উৎসাহিত করেন।
জামায়াত ন্যায়-ইনসাফভিত্তিক মানবিক ও জনবান্ধব বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য নিরলস ও আপসহীনভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ডিএনসিসিতে জামায়াত মনোনীত মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘সুশাসন ও মূল্যবোধের চর্চার অভাবেই সমাজে এখন অন্যায় ও অপকর্ম প্রাতিষ্ঠানিক ভিত্তি পেয়েছে। যুব সমাজের একটা অংশ আর অন্যায়কে অন্যায় মনে করছে না। তাদের সাথে কথা বলার সাহসও আমরা হারিয়ে ফেলেছি। মূলত, পুরো জাতি ও সমাজই এখন এদের কাছে জিম্মি হয়ে পড়েছে। মূলত, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার অভাবেই সমাজের এ বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। ভোগবাদী ও আত্মকেন্দ্রিক মানসিকতা আমাদের চরম অধঃপতন ঘটিয়েছে। আমরা এ অশুভ বৃত্ত থেকে দেশ ও জাতিকে মুক্ত করার জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমরা এমন এক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যেখানে মানুষে মানুষে কোনো বৈষম্য থাকবে না। দেশ ও হবে দুর্নীতি, দুঃশাসন ও অপরাধমুক্ত’।
তিনি ক্ষুধা, দারিদ্র্য, অপশসন-দুঃশাসন মুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
তিনি আরো বলেন, ‘আল্লাহ আমাদেরকে সর্বোত্তম জাতি হিসেবে সৃষ্টি করেছেন। আমাদের দায়িত্ব হলো মানুষের কল্যাণে কাজ করা। কিন্তু মহল বিশেষ আমাদের এ কাজকে রাজনীতি আখ্যা দিয়ে বিরোধীতা করে। আর মানুষের জন্য কাজ করাও ইবাদাত। মূলত, এটি বান্দার হক। ’
তিনি নগরবাসীর কল্যাণে জামায়াতের স্বাস্থ্যসেবা প্রকল্প প্রসঙ্গে বলেন, ‘আমরা জনগণের স্বাস্থ্যসেবায় বিশেষভাবে নজর দিয়েছি। আমরা এ জন্য মেডিক্যাল কার্ড প্রদানের উদ্যোগ গ্রহণ করেছি। সবার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতেই ফ্রি ব্লাড, সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সেবা, বাড়ি গিয়ে চিকিৎসকদের চিকিৎসা সেবার ব্যবস্থা গ্রহণ করেছি। এমনকি ওষুধও ফ্রি দেয়া হচ্ছে। জামায়াত আগামী দিনে নগর প্রশাসনের দায়িত্ব পেলে সবার জন্য ফ্রি চিকিৎসা নিশ্চিত করা হবে।’
তিনি ডিএনসিসিকে একটি আধুনিক মহানগরীতে পরিণত করতে সকলকে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জানান।
থানা সেক্রেটারি ফিরোজ আলমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানার নায়েবে আমির মকবুল আহমেদ, তুরাগ মধ্য থানার নায়েবে আমির কামরুল হাসান, ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সেক্রেটারি ও ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিল প্রার্থী অধ্যক্ষ সালাহউদ্দিন ভূইয়া, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিল প্রার্থী মাহফুজুর রহমান, যুবনেতা তারিক হাসান ও মোতালেব হোসেন প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি



