বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন ও সাধারণ সম্পাদক শান্তকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
মো: রিপন হোসেন ও আল-আমিন হোসেন শান্তকে ছাত্রদলের পদ থেকে বহিষ্কার করা হয়েছে
মো: রিপন হোসেন ও আল-আমিন হোসেন শান্তকে ছাত্রদলের পদ থেকে বহিষ্কার করা হয়েছে |নয়া দিগন্ত

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি মো: রিপন হোসেন ও সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন শান্তকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর উত্তরের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) শিবলী সাদিক শিবলুর পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মো: সালাহউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মাহফুজ-উর-রহমান লিপকন আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

এর আগে, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক প্রবাসীর ভাইয়ের কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত ও বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ও রোববার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িত আরো একজন পলাতক রয়েছেন।