জুলাই শহীদ পরিবারের মাঝে ঢাকা-৪ আসনের এমপির ঈদ উপহার বিতরণ

অনুষ্ঠানে ঢাকা-৪ আসন এলাকার মোট ২৩টি শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। এ সময় প্রত্যেক পরিবারকে ঈদ উপলক্ষে ১০ হাজার টাকা নগদ সহায়তা এবং কোরবানির জন্য একটি করে ছাগল প্রদান করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা-৪ আসন এলাকার জুলাই শহীদ পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন
ঢাকা-৪ আসন এলাকার জুলাই শহীদ পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন |নয়া দিগন্ত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সম্মানে মতবিনিময় সভা ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ মে) বিকালে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য কার্যালয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই আসনের পরিচালক আব্দুর রহিম জীবন।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জয়নুল আবেদীন বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা দেশের মানুষের অধিকার ও ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন, জাতি তাদের অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

বিশেষ অতিথি আব্দুর রহিম জীবন বলেন, জুলাই শহীদ পরিবারের সদস্যদের সম্মান ও সহযোগিতা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্যামপুর-যাত্রাবাড়ী থানা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন, কদমতলী পশ্চিম থানা আমির প্রকৌশলী হাবিবুর রহমান, শ্যামপুর-যাত্রাবাড়ী থানা নায়েবে আমির হেলাল উদ্দিন এবং শ্যামপুর দক্ষিণ থানা বাইতুলমাল সেক্রেটারি মো. আজহারুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ঢাকা-৪ আসন এলাকার মোট ২৩টি শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। এ সময় প্রত্যেক পরিবারকে ঈদ উপলক্ষে ১০ হাজার টাকা নগদ সহায়তা এবং কোরবানির জন্য একটি করে ছাগল প্রদান করা হয়।

মতবিনিময় সভায় শহীদ পরিবারের সদস্যরা তাদের অনুভূতি ও বিভিন্ন প্রত্যাশার কথা তুলে ধরেন। বক্তারা বলেন, শহীদ পরিবারের সদস্যদের সম্মান ও সহযোগিতায় সমাজের সব শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে।