মিয়া গোলাম পরওয়ার

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া রাষ্ট্রের সংস্কার সম্ভব নয়

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বিএনপি গণভোটের প্রয়োজনীয়তা অস্বীকার করছে, যা রাজনৈতিক সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।

এরশাদ আলী, খুলনা ব্যুরো

Location :

Khulna
খুলনা সার্কিট হাউজ মাঠে ১১ দলীয় ঐক্যের শনিবারের বিভাগীয় সমাবেশের প্রস্তুতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মিয়া গোলাম পরওয়ার
খুলনা সার্কিট হাউজ মাঠে ১১ দলীয় ঐক্যের শনিবারের বিভাগীয় সমাবেশের প্রস্তুতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মিয়া গোলাম পরওয়ার |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্ভব নয়। দুর্নীতিমুক্ত, দলীয় প্রভাবমুক্ত প্রশাসন ও স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি।

তিনি শুক্রবার (১৯ জুন) রাত ৮টায় খুলনা সার্কিট হাউজ মাঠে ১১ দলীয় ঐক্যের শনিবারের বিভাগীয় সমাবেশের প্রস্তুতির সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ সব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জনগণের আত্মত্যাগ ও রক্তদানের মধ্য দিয়ে যে রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল, তা যদি শেষ পর্যন্ত আবারও একদলীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কর্তৃত্ববাদী শাসনে রূপ নেয়, তবে তা জাতির জন্য গভীর উদ্বেগের বিষয় হবে। রাষ্ট্র কাঠামোতে মৌলিক সংস্কার নিশ্চিত না হলে অতীতের রাজনৈতিক সংকট পুনরাবৃত্তির ঝুঁকি থেকে যাবে বলে তিনি মন্তব্য করেন।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বিএনপি গণভোটের প্রয়োজনীয়তা অস্বীকার করছে, যা রাজনৈতিক সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।

সরকারের নীতি-পরিকল্পনার সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত। তাছাড়া খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও রাজনৈতিক সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ায় জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

তিনি জানান, খুলনা সার্কিট হাউজ মাঠে সমাবেশের মঞ্চ নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক মানুষ সমাবেশে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। মাঠের পাশাপাশি আশপাশের সড়কেও জনসমাগম হতে পারে। ইতোমধ্যে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা খুলনায় পৌঁছাতে শুরু করেছেন।

সমাবেশের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং অন্যান্য সংস্থার সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুকূল আবহাওয়া ও প্রশাসনিক সহযোগিতায় সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পরিদর্শনকালে সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চল টিম সদস্য আবুল কালাম আজাদ এমপি, সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব খুলনা মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমান, খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, মহানগরী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, মহানগরী ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান ও সেক্রেটারি ইসরাফিল হোসেন উপস্থিত ছিলেন।