ময়মনসিংহ-২ আসনের এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ বলেছেন, ‘গণভোটের রায় বাস্তবায়নকে বিলম্বিত করা বা ভিন্নখাতে প্রবাহিত করার যেকোনো অপচেষ্টা দেশের জনগণ কখনো মেনে নেবে না। অবিলম্বে গণভোটের রায় কার্যকর করে জনগণের প্রত্যাশার পূর্ণ প্রতিফলন নিশ্চিত করুন।’
তিনি বলেন, ‘গণভোটে প্রদত্ত জনগণের সুস্পষ্ট রায় উপেক্ষা করে কোনোভাবেই টিকে থাকা সম্ভব নয়। জনগণের এই রায় বাস্তবায়নের অঙ্গীকার নিয়েই আমরা সকলেই জনগণের সমর্থন চেয়েছিলাম।’
আজ শুক্রবার (১০ এপ্রিল) বাদ আসর ময়মনসিংহ বড় মসজিদ চত্বরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গণভোটের রায় কার্যকরের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ পূর্ব, পশ্চিম ও মহানগর শাখার উদ্যোগে ওই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
মুফতি মুহাম্মাদুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,‘দ্রুত সময়ের মধ্যে গণভোটের রায় বাস্তবায়নের কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে সারাদেশে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।’
সমাবেশে সভাপতিত্ব করেন পশ্চিম জেলা শাখার সভাপতি মুফতি সারোয়ার হোসেন এবং পরিচালনা করেন পশ্চিম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীম।
মিছিল-পূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগরের সাধারণ সম্পাদক মুফতি মোস্তাক আহমদ ফারুকী, পশ্চিম জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন, মহানগরের সাধারণ সম্পাদক মুফতি মুশতাক আহমদ ফারুকী, পূর্ব জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মোফাজ্জল হোসেন খান জেহাদী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ও বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বড় মসজিদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড়ে দোয়ার মাধ্যমে শেষ হয়।



