জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘যুগে যুগে লড়াই সংগ্রাম আন্দোলনে বিদ্রোহী নজরুলের কবিতা ও গান আমাদের অনুপ্রেরণা যুগিয়েছে। আজও কাজী নজরুল ইসলাম আমাদের প্রেরণা যোগায়। বঞ্চিত মজলুম জনগণের প্রতিবাদ আমরা নজরুলের লেখনীতে খুঁজে পাই। জুলাই পরবর্তী বাংলাদেশে নতুন সরকারের জুলুমের বিরুদ্ধে এবং ইনসাফ কায়েমে একটি বিপ্লব অনিবার্য হয়ে পড়েছে। সেই আসন্ন অনিবার্য বিপ্লবে কবি নজরুলের লেখনী আমাদের অনুপ্রেরণা যোগাবে।’
শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে কবির মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে তাৎক্ষণিক মন্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা ইনসাফের বাংলাদেশ আশা করেছিলাম। কিন্তু দেশের জনগণ প্রদত্ত গণভোট অস্বীকার করেছে বিএনপি সরকার। তারই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি-বিদ্যুৎ-গ্যাস-সার সঙ্কট, প্রশাসনে দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি চলছে।
জাগপা মুখপাত্র বলেন, কবি নজরুলের কবরের পাশেই শায়িত আছে ওসমান হাদী। এখনো হাদী হত্যার বিচার হয়নি। জুলাই গণহত্যার বিচার হয়নি না, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার হয়নি না।
এ সময় আরো উপস্থিত ছিলেন জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, আসাদুজ্জামান বাবুল, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রকাফেলা সভাপতি আবদুর রহমান ফারুকী, ঢাকা মহানগর যুব জাগপা সাধারণ সম্পাদক ওসমান গণি, সহ-সভাপতি আশিকুর রহমান, শামীম আহমেদ, শ্রমিক জাগপা নেতা মনোয়ার হোসেন, মো: সাজু মিয়া প্রমুখ।



