হানিফ পরিবহনের মালিক কফিল উদ্দিনের ইন্তেকাল, মির্জা ফখরুলের শোক

‘সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল আলহাজ্ব কফিল উদ্দিন ঢাকা জেলা বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন।’

অনলাইন প্রতিবেদক
কফিল উদ্দিন
কফিল উদ্দিন |ফাইল ছবি

ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি, হানিফ পরিবহনের কর্ণধার ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৩১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। গত মাসে তাকে ভারতের হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার দলটির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল আলহাজ্ব কফিল উদ্দিন ঢাকা জেলা বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন।’

তিনি আরো উল্লেখ করেন, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন-সংগ্রামে কফিল উদ্দিন যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সবসময় অনুপ্রাণিত করবে।’

বিএনপি মহাসচিব মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন মরহুমকে বেহেশত নসীব করেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার ধৈর্য দান করেন।