ময়মনসিংহ-২ (তারাকান্দা-ফুলপুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি মোহাম্মদুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত নববর্ষ উদযাপন অনুষ্ঠানে মুফতি মোহাম্মদুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে জালালুদ্দিন আহমাদ বলেন, একটি রাষ্ট্রীয় ও সামাজিক উৎসবের মতো শান্তিপূর্ণ অনুষ্ঠানে একজন জনপ্রতিনিধির ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। এটি শুধু ব্যক্তি আক্রমণ নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক সহনশীলতার ওপর সরাসরি আঘাত।
তিনি বলেন, বিএনপির পরাজিত এমপি পদপ্রার্থী মোতাহার হোসেনের সমর্থকদের দ্বারা সংঘটিত এই হামলা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির একটি অপচেষ্টা। এ ধরনের সহিংস আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টেরই ইঙ্গিত বহন করে।
তিনি আরো বলেন, যে দেশে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে পর্যন্ত সরকার যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, সেখানে সাধারণ মানুষ কতটা নিরাপদ—তা আজ বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এ ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
তিনি অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন না করলে যেকোনো পরিস্থিতির দায় তাদেরকেই বহন করতে হবে বলে তিনি সতর্ক করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।



