বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের (বিপিএ) নব-নির্বাচিত ৯ম কার্যনির্বাহী পরিষদের নেতারা জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। পরে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও পুষ্পস্তবক অর্পণ করেন তারা।
মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিপিএ নেতারা। পরে সকাল ১০টার কিছু পর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া-মোনাজাতে অংশ নেন তারা।
অনুষ্ঠানে নব-নির্বাচিত সভাপতি ড. মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অবদান রাখা জাতীয় নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন নৈতিক দায়িত্ব।
তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফিজিওথেরাপি পেশাজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তিনি আরো বলেন, নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ দেশের মানুষের জন্য মানসম্মত, বৈজ্ঞানিক ও সহজলভ্য ফিজিওথেরাপি সেবা নিশ্চিত করা, পেশার মর্যাদা বৃদ্ধি, আন্তর্জাতিক মান উন্নয়ন, দ্রুত প্র্যাকটিশনার নিবন্ধন কার্যক্রম বাস্তবায়ন এবং রিহ্যাবিলিটেশন সেবা প্রতিষ্ঠানের অনুমোদন প্রক্রিয়া চালুর লক্ষ্যে কাজ করবে।
সাধারণ সম্পাদক ড. ফিরোজ কবির বলেন, জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি এবং জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ইতিহাস, দেশপ্রেম ও জাতীয় মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক।
তিনি বলেন, ফিজিওথেরাপির মূল লক্ষ্য মানুষের কর্মক্ষমতা পুনরুদ্ধার, প্রতিবন্ধিতা হ্রাস এবং জীবনমান উন্নয়ন। নব-নির্বাচিত পরিষদ পেশাজীবীদের অধিকার সংরক্ষণ, আইনগত স্বীকৃতির কার্যকর বাস্তবায়ন, দক্ষ ফিজিওথেরাপিস্ট তৈরি এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দিতে কাজ করবে।
এ সময় উপস্থিত ছিলেন বিপিএর সভাপতি ড. মুহাম্মদ আনোয়ার হোসেন (পিএইচডি), সাধারণ সম্পাদক ড. ফিরোজ কবির (পিএইচডি), কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং সংগঠনের সাধারণ সদস্যরা।



