বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হলেও অলৌকিকভাবে বেঁচে গেছে দেড় বছরের একটি কন্যাশিশু। গুরুতর আহত হয়ে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে নেয়া হয়েছে তাকে। এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসাথে গুরুতর আহত দেড় বছরের শিশুটির চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত দেড় বছরের শিশুকে রাজধানীর নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আতিকুর রহমান রুমন জানান, গুরুতর আহত শিশুটির উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী বগুড়ার জেলা প্রশাসক ও নিউরোসাইন্স হাসপাতালের পরিচালকের সাথে কথা বলেছেন। এ সময় প্রধানমন্ত্রী তাদেরকে শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।
উল্লেখ্য, বুধবার সকালে ঢাকা থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস ১২ জন যাত্রী নিয়ে বগুড়ার শেরপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় ঘটনাস্থলে একজন মারা যান। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আহত শিশুটির বাবা-মাসহ আরো তিনজনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের লাশ রংপুরে নিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন বগুড়া জেলা প্রশাসক।



