পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ডিএনসিসির ২,৫০০ রেইনকোট বিতরণ

প্রশাসক কর্মীদের উদ্দেশে ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান বলেন, ‘আপনারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাবেন, আর আমরা আপনাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করব। নগরবাসী আপনাদের কাজে সন্তুষ্ট হলেই আমাদের প্রচেষ্টা সফল হবে।’

নয়া দিগন্ত অনলাইন
পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী হিসেবে রেইনকোট বিতরণ বিতরণ করলো ডিএনসিসি
পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী হিসেবে রেইনকোট বিতরণ বিতরণ করলো ডিএনসিসি |সংগৃহীত

বর্ষা মৌসুমে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) তাদের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী হিসেবে প্রায় ২ হাজার ৫০০ রেইনকোট বিতরণ করেছে।

আজ সোমবার সকালে গুলশান নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব রেইনকোট পরিচ্ছন্নতা কর্মীদের হাতে তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি পরিচ্ছন্নতা কর্মীদের অবদানের কথা তুলে ধরে বলেন, নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় তারা ভোর থেকে নিরলসভাবে কাজ করেন। তাদের এই অক্লান্ত পরিশ্রমের ফলেই নগরবাসী একটি পরিচ্ছন্ন পরিবেশে বসবাসের সুযোগ পান।

তিনি আরো বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের কল্যাণে সরকার সবসময় সচেষ্ট। গত ঈদে প্রধানমন্ত্রী তাদের জন্য বিশেষ বোনাসের ব্যবস্থা করেছিলেন, যা তাদের কাজের প্রতি সম্মান প্রদর্শনেরই বহিঃপ্রকাশ।

প্রশাসক কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাবেন, আর আমরা আপনাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করব। নগরবাসী আপনাদের কাজে সন্তুষ্ট হলেই আমাদের প্রচেষ্টা সফল হবে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর হুমায়ুন কবীর। তিনি জানান, পরিচ্ছন্নতা কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিতভাবে বিভিন্ন সামগ্রী সরবরাহ করা হচ্ছে। এর আগে, তাদের মাঝে শীতবস্ত্র, মাস্ক ও গামবুট বিতরণ করা হয়েছে। বর্ষা মৌসুমকে সামনে রেখে এবার রেইনকোট দেয়া হলো।

তিনি আরো বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নগরবাসীর সচেতনতা বাড়ানোও জরুরি। ‘ক্লিন ঢাকা’ উদ্যোগ সফল করতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী আয়েশা খাতুন নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, বর্ষার শুরুতেই রেইনকোট পেয়ে তারা আনন্দিত ও কৃতজ্ঞ।

তিনি বলেন, ‘আমাদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো আপনারা দেখেন, আমরাও দায়িত্ব নিয়ে শহরকে পরিচ্ছন্ন রাখতে কাজ করতে চাই।’

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে শুধু সিটি করপোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা অপরিহার্য।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সূত্র : বাসস