রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী

‘দেশের নাগরিকরা সিদ্ধান্ত গ্রহণ করেন গণমাধ্যম দিয়েই। এটি দিয়ে জনগণ ভাবেন, তার মালিকানাধীন রাষ্ট্র সঠিক পথে চলছে কি চলছে না।’

অনলাইন প্রতিবেদক
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরামের সাধারণ সভায় বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরামের সাধারণ সভায় বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন |নয়া দিগন্ত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম যত বেশি দায়িত্বশীল ও নির্ভুলভাবে কাজ করবে, জনগণ তত বেশি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে সঠিক ধারণা পাবে এবং সে অনুযায়ী মতামত ও সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। কিন্তু তথ্য বিকৃত হলে সমাজে বিভ্রান্তি, সঙ্ঘাত ও নৈরাজ্য সৃষ্টি হয়।

তিনি বলেন, দেশের নাগরিকরা সিদ্ধান্ত গ্রহণ করেন গণমাধ্যম দিয়েই। এটি দিয়ে জনগণ ভাবেন, তার মালিকানাধীন রাষ্ট্র সঠিক পথে চলছে কি চলছে না।

শুক্রবার (৩ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা-২০২৬-এ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সভ্য সমাজে যেকোনো জিনিসকে মানুষের কাছে স্বচ্ছ হিসেবে হাজির করার একটা স্বয়ংক্রিয় পদ্ধতি হচ্ছে গণমাধ্যম।

তিনি বলেন, ‘এই গণমাধ্যম যত বেশি নিখুঁতভাবে দায়িত্ব পালন করে, তত বেশি মানুষ রাষ্ট্র এবং সমাজের চলমান প্রক্রিয়া সম্পর্কে একটি স্বচ্ছ প্রতিফল, প্রতিবিম্ব আকারে মানুষের মনোজগতের মধ্যে উপস্থাপিত হয়।’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির প্রমুখ।