প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফর উল্লাহ চৌধুরীকে ব্যাপক পরিসরে আমাদের স্মরণ করা দরকার। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সামনে আমরা কাউকে অনুসরণ করতে বললে, সে ধরনের ব্যক্তিত্ব হলেন জাফর উল্লাহ চৌধুরী। তার জীবন এবং কর্ম আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা দরকার।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম স্যার বলেছিলেন ‘জাফর উল্লাহ চৌধুরী শুধু দেহের চিকিৎসক ছিলেন না, তিনি সমাজেরও চিকিৎসক ছিলেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফর উল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে বীর মুক্তিযোদ্ধা ডা: জাফর উল্লাহ পরিষদ এ স্মরণসভার আয়োজন করে।
স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভিসি অধ্যাপক ড. আবুল কাসেম, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহীত উল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের সাবেক অধ্যাপক ড. মোজাফফর আহমদ চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক আলেয়া চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, আবদুল্লাহ আল নোমান স্মৃতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রেজিস্ট্রার ডা: মনিরুল হক প্রমুখ।



