ইস্টার্ন রিফাইনারি সীমিত সক্ষমতায় চললেও জ্বালানির সঙ্কট হবে না : মন্ত্রণালয়

‘পরিস্থিতি মোকাবেলায় সরকার পরিশোধিত জ্বালানি তেল আমদানি জোরদার করেছে। নিয়মিত আমদানির পাশাপাশি বিকল্প উৎস থেকে সরাসরি ক্রয়ের উদ্যোগ নেয়া হয়েছে, যাতে সরবরাহে কোনো ঘাটতি না হয়।’

নয়া দিগন্ত অনলাইন
ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ‘লো-ফিডে’ চালু রয়েছে
ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ‘লো-ফিডে’ চালু রয়েছে |সংগৃহীত

যুদ্ধজনিত কারণে ক্রুড অয়েল আমদানিতে বিঘ্ন সৃষ্টি হওয়ায় দেশের একমাত্র শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) সীমিত সক্ষমতায় (লো-ফিডে) চালু রয়েছে। তবে বিকল্প উৎস থেকে সরকার পরিশোধিত জ্বালানি তেল আমদানি জোরদার করায় দেশে জ্বালানির কোনো সঙ্কট হবে না বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বুধবার (১৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইআরএল মূলত সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সৌদি আরামকো থেকে অ্যারাবিয়ান লাইট ক্রুড এবং সংযুক্ত আরব আমিরাতের এডিএনওসি থেকে মারবান ক্রুড অয়েল আমদানি করে পরিশোধন করে থাকে। এর মাধ্যমে বছরে প্রায় ১৫ লাখ টন জ্বালানি তেল উৎপাদন হয়, যা দেশের মোট চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ।

জ্বালানি বিভাগের তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ডিজেলের চাহিদা ছিল ৪৭ লাখ ৪২ হাজার টন, যার মধ্যে ইআরএল থেকে সরবরাহ হয়েছে সাত লাখ ৩২ হাজার ২৩০ টন, অর্থাৎ প্রায় ১৫ দশমিক ৪৪ শতাংশ। একই সময়ে পেট্রোলের মোট চাহিদার ১১ দশমিক ৯২ শতাংশ ইআরএল থেকে সরবরাহ করা হয়েছে। ওই অর্থবছরে পেট্রোলের মোট চাহিদা ছিল চার লাখ ৮৯ হাজার টন, যার মধ্যে ইআরএল সরবরাহ করেছে ৫৮ হাজার ৩০৯ টন।

এছাড়া ফার্নেস অয়েল, কেরোসিন ও বিটুমিনের একটি উল্লেখযোগ্য অংশও উপজাত হিসেবে ইআরএল থেকে পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় মার্চ ও এপ্রিল মাসে নির্ধারিত মোট তিন লাখ টন ক্রুড অয়েল আমদানি ব্যাহত হয়েছে। মার্চ মাসে নির্ধারিত এক লাখ টনের একটি এরাবিয়ান লাইট ক্রুড কার্গো লোড সম্পন্ন হলেও নিরাপত্তা ঝুঁকির কারণে হরমুজ প্রণালী অতিক্রম করতে পারেনি এবং বর্তমানে রাস্তানুরা বন্দরে অবস্থান করছে। একই মাসে নির্ধারিত মারবান ক্রুডের (এক লাখ টন) দ্বিতীয় চালানের ক্ষেত্রে সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ফোর্স ম্যাজিউর’ ঘোষণা করা হয়েছে।

জ্বালানি মন্ত্রণালয় জানায়, এপ্রিল মাসের জন্য নির্ধারিত এক লাখ টন এরাবিয়ান লাইট ক্রুড কার্গো ২০ এপ্রিল লোডিং শেষে বিকল্প রুট ব্যবহার করে আগামী ২ থেকে ৩ মে’র মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর আশা করা হচ্ছে। এছাড়া মে মাসে এক লাখ টন মারবান ক্রুডের পাশাপাশি অতিরিক্ত এক লাখ টন এরাবিয়ান লাইট ক্রুড সরবরাহের জন্য সৌদি আরামকোর কাছে অনুরোধ জানানো হয়েছে, যা অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পাশাপাশি জরুরি চাহিদা মেটাতে সরাসরি ক্রয় পদ্ধতিতে আরো এক লাখ টন ক্রুড অয়েল আমদানির জন্য মন্ত্রিসভার অনুমোদন নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে নির্ধারিত ক্রুড অয়েল সময়মতো না পৌঁছানোয় ইআরএলকে ‘লো-ফিড’ অবস্থায় চালু রাখা হয়েছে। প্রতিষ্ঠানটির চারটি ইউনিটের মধ্যে দু’টি রক্ষণাবেক্ষণে থাকলেও বাকি দু’টি ইউনিট চালু রয়েছে।

তবে পরিস্থিতি মোকাবেলায় সরকার পরিশোধিত জ্বালানি তেল আমদানি জোরদার করেছে। নিয়মিত আমদানির পাশাপাশি বিকল্প উৎস থেকে সরাসরি ক্রয়ের উদ্যোগ নেয়া হয়েছে, যাতে সরবরাহে কোনো ঘাটতি না হয়।

জ্বালানি মন্ত্রণালয় বলছে, বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্রুড অয়েল সরবরাহে সাময়িক চাপ তৈরি হলেও দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকবে এবং এ নিয়ে জনমনে উদ্বেগের কোনো কারণ নেই। ইউএনবি