ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স স্থাপন করা হবে : মন্ত্রী

‘মোবাইলের মাধ্যমে সারাদেশে ডাক পণ্যের ট্রেস অ্যান্ড ট্রেকিং সুবিধা সম্প্রসারণ করা হবে। জাতীয় ডিজিটাল ঠিকানা ব্যবস্থার ভিত্তি স্থাপন করা হবে।’

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় সংসদে কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম
জাতীয় সংসদে কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম |সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, সার্বক্ষণিক সেবা প্রদানের লক্ষ্যে ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স স্থাপন করা হবে।

মঙ্গলবার (৯ জুন) সংসদে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সদস্য নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, ‘আমার ডাক’ নামক অ্যাপের মাধ্যমে সেবা দান প্ল্যাটর্ফম প্রতিষ্ঠাকরণ ও পর্যায়ক্রমে পুরো ডাক সেবা কার্যক্রমকে অটোমেশনের আওতায় এনে প্রতিটি ডাক সেবাকে ডিজিটাইজড করা সম্ভব হবে এবং ডাক অধিদফতরের জন্য একটি ই-কমার্স প্লাটফর্ম (ডাক কমার্স) মডেল প্রতিষ্ঠা করা হবে।

মন্ত্রী জানান, ডাক বিভাগের কার্যক্রম স্বয়ংক্রিয় করার লক্ষ্যে দু’টি প্রকল্প চলমান রয়েছে। প্রকল্প দু’টি হলো মেইল প্রসেসিং এবং লজিস্টিক সার্ভিস টেকসই ও আধুনিকীকরণ প্রকল্প এবং নাগরিক প্রান্তে বিদ্যমান ডাক সেবার সম্প্রসারণ ও সহজলভ্যকরণ প্রকল্প।

এ প্রকল্প দু’টির আওতায় ডাক বিভাগের সকল ডাকঘরে চলমান ডমিস্টিক মেইল মনিটরিং সফটওয়্যারের আপগ্রেডেশন করা হবে।

তিনি বলেন, মোবাইলের মাধ্যমে সারাদেশে ডাক পণ্যের ট্রেস অ্যান্ড ট্রেকিং সুবিধা সম্প্রসারণ করা হবে। জাতীয় ডিজিটাল ঠিকানা ব্যবস্থার ভিত্তি স্থাপন করা হবে। বাসস