জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রিটের আদেশ আজ

জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়নের বৈধতা চ্যালেঞ্জ করা রিটের শুনানি শেষে বাংলাদেশ হাইকোর্ট আজ আদেশ দেবে। সনদের কার্যক্রম স্থগিত চেয়ে রিট করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ; রাষ্ট্র ও আবেদনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবীরা শুনানি করেন।

নয়া দিগন্ত অনলাইন
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রিটের আদেশ আজ
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রিটের আদেশ আজ |সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি শেষ হয়েছে। আজ মঙ্গলবার এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট।

গতকাল সোমবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো: আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ দিন ধার্য করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন দায়িত্বপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানুল করীম ও আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। অপরপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, ইমরান এ সিদ্দিক ও শিশির মনির।

গত ১৮ ফেব্রুয়ারি ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ও দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় গত বছরের ১৭ অক্টোবর ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ স্বাক্ষরিত হয়।

রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐকমত্যের একটি রাজনৈতিক দলিল হলো জুলাই জাতীয় সনদ। রিটে জুলাই জাতীয় সনদ-২০২৫-এর বৈধতা চ্যালেঞ্জ করে জনস্বার্থে রিট করেন। রিটে জুলাই জাতীয় সনদ সংবিধানের সাথে কেন সাংঘর্ষিক ঘোষণা হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুলাই জাতীয় সনদ-২০২৫-এর কার্যক্রম স্থগিত চাওয়া হয়।