পররাষ্ট্র সচিবের সাথে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক

বৈঠকে উভয় দেশ ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে অংশীদারিত্ব আরো জোরদার করার বিষয়ে মতবিনিময় করে।

নয়া দিগন্ত অনলাইন
পররাষ্ট্র সচিবের সাথে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক
পররাষ্ট্র সচিবের সাথে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে হার্ডার আজ বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করে দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করেছেন। এছাড়া তিনি লালবাগ কেল্লা পরিদর্শন করেন, যা বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও টেকসই পর্যটনে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারকে তুলে ধরে।

বিশেষ দূত হার্ডার ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সাথে বৈঠক করেন। বৈঠকে উভয় দেশ ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে অংশীদারিত্ব আরো জোরদার করার বিষয়ে মতবিনিময় করে।

রোববার উপ-মিশন প্রধান মেগান বোল্ডিনকে সাথে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল লালবাগ কেল্লা পরিদর্শন করেন। এ সফরের আয়োজন করে প্রত্নতত্ত্ব অধিদফতর। যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

পরিদর্শনকালে প্রতিনিধিদল মোগল যুগের হাম্মামখানা ঘুরে দেখেন, এটি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ তহবিলের সহায়তায় পুনরুদ্ধার করা হয়েছে।

যুক্তরাষ্ট্র পক্ষ জানায়, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ উদ্যোগ টেকসই পর্যটন উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

১৭ শতকে নির্মিত লালবাগ কেল্লা ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হিসেবে দেশী-বিদেশী পর্যটক আকর্ষণ করে আসছে। বাসস