ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া মোহাম্মদ কালাম শেখ (৪০) নামে এক হাজতির ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, সোমবার কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাকে মেডিসিন বিভাগে ভর্তি দেন।
কালামকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী আমিনুল ইসলাম জানান, সোমবার মোহাম্মদ কালাম শেখ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। পরে চিকিৎসক তাকে মেডিসিন বিভাগে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
কারারক্ষী আমিনুল ইসলাম আরো জানান, নিহত কালাম শেখ কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার হাজাতি নম্বর ২৯৯/২৬ তার বাবা নাম মরহুম গেন্দু শেখ। গ্রামের বাড়ি রাজবাড়ী বাজিতপুর এলাকায়, তবে কি মামলায় তিনি কারাবন্দি ছিলেন এ বিষয়টি আমরা বলতে পারব না।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
তিনি আরো জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদনর শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।



