রুহুল কবির রিজভীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের

বাংলাফ্যাক্ট জানায়, রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে ‘প্রতিদিন নিউজ দেখি এখানে এত লক্ষ (লাখ) টাকা ছিনতাই, ওখানে অত লক্ষ টাকা ছিনতাই। আরে ভাই আপনাদের টাকা নিয়ে বাইরে বের হওয়ার কি দরকার?’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাফ্যাক্ট
বাংলাফ্যাক্ট |সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে ‘প্রতিদিন নিউজ দেখি এখানে এত লক্ষ (লাখ) টাকা ছিনতাই, ওখানে অত লক্ষ টাকা ছিনতাই। আরে ভাই আপনাদের টাকা নিয়ে বাইরে বের হওয়ার কি দরকার?’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। রুহুল কবির রিজভী এমন কোনো মন্তব্য করেননি। নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তার নামে ভুয়া এই মন্তব্য প্রচার করা হয়েছে। রুহুল কবির রিজভী এমন কোনো মন্তব্য করেছেন কিনা সে বিষয়ে অনুসন্ধান করে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে তার এমন মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। পরে, ‘Gupto TV ’ নামের একটি পেজে গত ৩১ আগস্ট প্রকাশিত একই টেক্সট সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। এই পেজের ফটোকার্ডটির রঙ পরিবর্তন করে সেখানে লোগো ও তারিখ বসিয়ে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি একটি ব্যাঙ্গাত্মক পেজ।

‘Gupto TV’ মূলত বিনোদনের উদ্দেশে তৈরি ব্যাঙ্গাত্মক পেজ। এটি কোনো গণমাধ্যম কিংবা খবরের পেজ বা পোর্টাল নয়। রুহুল কবির রিজভীর নামে ছড়িয়ে পড়া আলোচিত মন্তব্যটি মিথ্যা।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ-বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট। বাসস