পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার সদরের পিএমখালীতে ঐতিহাসিক ‘পাতলী খাল’ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৩ জুন) সকালে তিনি এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী খালপাড়ে একটি স্মারক বৃক্ষরোপণ করেন। পরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন তিনি।
কক্সবাজারের পিএমখালী এলাকায় সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বিমানবন্দর থেকে ‘পাতলী খাল’ পর্যন্ত রাস্তার দুই পাশে হাজারো নেতাকর্মী বৃষ্টি উপেক্ষা করে ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে নিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামীণ অর্থনীতি ও সেচ ব্যবস্থার উন্নয়নে দেশব্যাপী খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। পিএমখালীর ‘পাতলী খাল’ সেই কর্মসূচির অন্যতম নিদর্শন, যা তিনি ১৯৭৯ সালের নভেম্বরে উদ্বোধন করেছিলেন।
সরকারি মহাপরিকল্পনার অংশ হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় যৌথভাবে আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের বৃহৎ কর্মসূচি বাস্তবায়ন করছে। চলতি বছরের জুন পর্যন্ত প্রথম ধাপে ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি খালের পাড় সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং অবৈধ দখল উচ্ছেদের নির্দেশনা দেয়া হয়েছে।
দিনব্যাপী কর্মসূচি শেষে রাতে প্রধানমন্ত্রী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় ফিরবেন।



