উপসাগরীয় অঞ্চলে সঙ্ঘাতের শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশ-ওমানের আহ্বান

বৈঠকে উভয় পক্ষ সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্কট সমাধানে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে বৈঠক করেন মাস্কাটে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর বিন হামাদ আল বুসাইদি
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে বৈঠক করেন মাস্কাটে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর বিন হামাদ আল বুসাইদি |সংগৃহীত

চলমান উপসাগরীয় সঙ্ঘাতের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের জন্য সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও ওমান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মাস্কাটে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এ আহ্বান জানানো হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বদর বিন হামাদ আল বুসাইদি অংশ নেন।

বৈঠকে উভয় পক্ষ সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্কট সমাধানে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ওমানের সুলতান হাইসাম বিন তারিককে কৃতজ্ঞতা জানান, যিনি সঙ্কটের শান্তিপূর্ণ ও দ্রুত সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

ড. রহমান ওমানে বসবাসরত সাত লাখের বেশি বাংলাদেশী প্রবাসীর আতিথেয়তা ও অবদানের জন্য ওমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ওমানের পররাষ্ট্রমন্ত্রীও ওমানের দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশী নাগরিকদের ভূমিকার প্রশংসা করেন।

উভয় দেশ ওষুধ, খাদ্য, কৃষি এবং বন্দর লজিস্টিকসহ বিভিন্ন খাতে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ওমানের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যা পারস্পরিক সুবিধাজনক সময়ে গ্রহণের বিষয়ে তিনি আগ্রহ প্রকাশ করেন। বাসস