পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ জন বাংলাদেশী হাজী। মোট ১৮৮টি ফ্লাইটে দেশে ফেরেন তারা।
শনিবার ভোররাত ৩টা পর্যন্ত পাওয়া ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা ৬৮ হাজার ২৯৭ জন হাজীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৩ হাজার ৮৩৮ জন রয়েছেন।
এসব হাজী দেশে ফেরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সৌদি এয়ারলাইন্স ৬৩টি এবং ফ্লাইনাস ২৩টি ফিরতি ফ্লাইট পরিচালনা করেছে।
এবছর সৌদি আরবে মোট ৫৫ জন বাংলাদেশী হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। মারা যাওয়া বাংলাদেশী হজযাত্রীদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ১৮ জন নারী। এদের মধ্যে মক্কায় ৩৭, মদিনায় ১৭ ও জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।
হজ বুলেটিনে আরো জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে মোট ৪১৫ জন হাজী চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে ১১ জন হাজী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করেন। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে। এরপর ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।
উল্লেখ্য, গত ২৬ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়।



