রাজধানীর হাজারীবাগের মনেশ্বর রোডের একটি গ্যারেজে অটোরিকশার ব্যাটারি চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন
বৃহস্পতিবার অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন। এর আগে, দুপুর ২টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান নওগাঁ জেলার আব্দুর রাকিবের ছেলে। তিনি বর্তমানে হাজারীবাগ এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।
আব্দুর রহমানকে হাসপাতালে নিয়ে আসা গ্যারেজ মালিক আরিফ মিয়া জানান, হাজারীবাগের মনেশ্বর রোডে তার রিকশার গ্যারেজে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দেয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।



