দশম ওয়েজ বোর্ড ঘোষণাসহ তথ্যমন্ত্রীর কাছে ৫ দফা দাবি

প্রতিনিধিদল নবম ওয়েজ বোর্ড যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি দশম ওয়েজ বোর্ড ঘোষণা, সংবাদপত্র কর্মচারী ও প্রেস শ্রমিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন, সংবাদপত্র শিল্পের নীতিমালা প্রণয়ন, বকেয়া পাওনা পরিশোধ ও সংবাদপত্র শিল্পে শ্রম আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার জন্য তথ্যমন্ত্রীর কাছে দাবি জানান।

নয়া দিগন্ত অনলাইন
তথ্যমন্ত্রীর সাথে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কার্সের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে
তথ্যমন্ত্রীর সাথে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কার্সের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে |সংগৃহীত

নবম ওয়েজ বোর্ড যথাযথ বাস্তবায়ন এবং অবিলম্বে দশম ওয়েজ বোর্ড ঘোষণাসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন সংবাদপত্র কর্মচারী ও প্রেস শ্রমিক নেতারা।

সোমবার (২৮ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের একটি প্রতিনিধিদল এ দাবি জানান।

এ সময় সংগঠন দু’টির নেতারা তথ্যমন্ত্রীর কাছে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের দাবি-দাওয়া জানান।

প্রতিনিধিদল নবম ওয়েজ বোর্ড যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি দশম ওয়েজ বোর্ড ঘোষণা, সংবাদপত্র কর্মচারী ও প্রেস শ্রমিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন, সংবাদপত্র শিল্পের নীতিমালা প্রণয়ন, বকেয়া পাওনা পরিশোধ ও সংবাদপত্র শিল্পে শ্রম আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার জন্য তথ্যমন্ত্রীর কাছে দাবি জানান।

তথ্যমন্ত্রী মনোযোগ সহকারে তাদের দাবি-দাওয়া শোনেন এবং সংশ্লিষ্ট সবার সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন।

বৈঠকে অন্যদের মধ্যে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মো: মতিউর রহমান তালুকদার, মহাসচিব মো: খায়রুল ইসলাম এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কার্সের সভাপতি মো: আলমগীর হোসেন খান ও মহাসচিব মো: মোশতাক আহমদ উপস্থিত ছিলেন। বাসস