দেশে ফিরলেন ৬৪ হাজার ৬১৭ হাজী

‘দেশে ফেরা হাজীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৩১৯ জন এবং বেসরকারি হজ অ্যাজেন্সির ব্যবস্থাপনায় ৬০ হাজার ২৯৮ জন ফিরেছেন।’

নয়া দিগন্ত অনলাইন
দেশে ফিরছেন বাংলাদেশী হাজীরা
দেশে ফিরছেন বাংলাদেশী হাজীরা |সংগৃহীত

চলতি বছরের হজ পালন শেষে বুধবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ৬৪ হাজার ৬১৭ জন বাংলাদেশী হাজী দেশে ফিরেছেন।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, দেশে ফেরার জন্য এখন পর্যন্ত তিনটি নির্ধারিত এয়ারলাইনস মোট ১৭২টি ফ্লাইট পরিচালনা করেছে। এর মধ্যে বাংলাদেশ বিমানের ৯১টি, সৌদিয়া এয়ারলাইনসের ৫৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইট রয়েছে।

হজ অফিস সূত্রে জানা গেছে, দেশে ফেরা হাজীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৩১৯ জন এবং বেসরকারি হজ অ্যাজেন্সির ব্যবস্থাপনায় ৬০ হাজার ২৯৮ জন ফিরেছেন।

হজ অফিসের পরিচালক বলেন, অবশিষ্ট হাজীরা নির্ধারিত এয়ারলাইনসগুলোর মাধ্যমে পর্যায়ক্রমে দেশে ফিরবেন।

এদিকে, হজ পালনকালে সৌদি আরবে ৫৪ জন বাংলাদেশী হাজীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারী।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩৭ জন মক্কায়, ১৬ জন মদিনায় এবং একজন জেদ্দায় মারা যান।

চলতি বছরের হজ কার্যক্রম শুরু হয় ১৮ এপ্রিল প্রথম হজ ফ্লাইটের মাধ্যমে এবং ২১ মে তা শেষ হয়।

ফেরত হজ ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে থেকে, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে। বাসস

Topics