মরণোত্তর জাতিসঙ্ঘ পদকে ভূষিত হলেন বাংলাদেশী ৬ শান্তিরক্ষী

সুদানে জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত ৬ বাংলাদেশী শান্তিরক্ষীকে মরণোত্তর মর্যাদাপূর্ণ ড্যাগ হ্যামারশোল্ড পদক প্রদান করেছে জাতিসঙ্ঘ।

নয়া দিগন্ত অনলাইন
মরণোত্তর জাতিসঙ্ঘ পদকে ভূষিত হলেন বাংলাদেশী ৬ শান্তিরক্ষী
মরণোত্তর জাতিসঙ্ঘ পদকে ভূষিত হলেন বাংলাদেশী ৬ শান্তিরক্ষী |সংগৃহীত

সুদানের কাদুগলিতে জাতিসঙ্ঘের আবেই অঞ্চলের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে (ইউএনআইএসএফএ) দায়িত্ব পালনকালে নিহত ছয় বাংলাদেশী শান্তিরক্ষীকে মরণোত্তর জাতিসঙ্ঘের মর্যাদাপূর্ণ ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত করা হয়েছে।

আন্তর্জাতিক জাতিসঙ্ঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে শুক্রবার (৫ জুন) নিউইয়র্কে জাতিসঙ্ঘ সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেয়া হয়।

জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস নিহত শান্তিরক্ষীদের পক্ষে জাতিসঙ্ঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে পদকগুলো তুলে দেন।

নিউইয়র্কে অবস্থিত জাতিসঙ্ঘে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তাদের সাহস, আত্মত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেয়া হয়।

সম্মাননাপ্রাপ্ত শান্তিরক্ষীরা হলেন করপোরাল মো: মাসুদ রানা, প্রাইভেট মো: জাহাঙ্গীর আলম, প্রাইভেট মো: সবুজ মিয়া, প্রাইভেট মো: মোমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা ও প্রাইভেট সান্তো মন্ডল। তারা ২০২৫ সালের ১৩ ডিসেম্বর জাতিসঙ্ঘের পতাকাতলে দায়িত্ব পালনকালে এক ড্রোন হামলায় নিহত হন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

অনুষ্ঠানে জাতিসঙ্ঘ মহাসচিব ১৯৪৮ সাল থেকে দায়িত্ব পালনকালে নিহত প্রায় সাড়ে ৪ হাজার শান্তিরক্ষীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় তিনি বর্তমানে বিশ্বের বিভিন্ন মিশনে কর্মরত ৫০ হাজারেরও বেশি শান্তিরক্ষীর অবদানের কথাও তুলে ধরেন।

চলতি বছর ৩৩টি সদস্য রাষ্ট্রের ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে মরণোত্তর ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত করা হয়।

অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী নিহত শান্তিরক্ষীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইতে সই করেন।

ড্যাগ হ্যামারশোল্ড পদক ১৯৯৭ সালে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক প্রবর্তিত একটি মরণোত্তর সম্মাননা। জাতিসঙ্ঘের শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালনকালে নিহত সামরিক, পুলিশ ও বেসামরিক সদস্যদের অবদান ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ এ পদক প্রদান করা হয়।

সূত্র : ইউএনবি