খাল খনন বাঙালির মাছে-ভাতের সেই দিন ফিরিয়ে আনবে : ত্রাণমন্ত্রী

‘খাল খনন কর্মসূচি সবুজ বিপ্লবের সূচনা করবে। এর মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে। খালের পানিতে চাষের ফলে মাছে-ভাতে বাঙালির সেই দিন ফিরে আসবে।’

নয়া দিগন্ত অনলাইন
ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনকালে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু
ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনকালে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু |সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খাল খনন কর্মসূচি সবুজ বিপ্লবের সূচনা করবে। এর মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে। খালের পানিতে চাষের ফলে মাছে-ভাতে বাঙালির সেই দিন ফিরে আসবে।

মন্ত্রী খাল খনন কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানান।

শুক্রবার (২২ মে) ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনকালে স্থানীয় জনসাধারণের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (২৩ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এ খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করতে ত্রিশাল যাবেন। খালপাড়ে তিনি একটি তালগাছ রোপণ করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে এ এলাকার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর এ খাল খননের সূচনা করেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য ডা: মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। বাসস